চাঁদপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার রাতে ফরিদগঞ্জ উপজেলার বিশকাটালি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ইব্রাহিমের বাড়ি ওই গ্রামেই। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইব্রাহিম অনেকদিন ধরে ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো। সোমবার বিকালে সে আবার উত্ত্যক্ত করলে মেয়েটির পরিবার পুলিশকে জানায়।
রাতে পুলিশ ইব্রাহিমকে তার বোনের বাড়ি থেকে আটক করে।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হলে ইব্রাহিম দোষ স্বীকার করে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২১৪৮ ঘ.
bdnews24