২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির প্রতিবাদ করায় মা-বাবা-ভাইকে মারধর

নাটোর শহরে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক ছাত্রীর মা-বাবা-ভাইকে মারধর করে আহত করেছে বখাটেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 05:35 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

নাটোর, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক ছাত্রীর মা-বাবা-ভাইকে মারধর করে আহত করেছে বখাটেরা। শনিবার সন্ধ্যায় নাটোর মাদ্রাসা মোড়ের বিআরটিসি বাস কাউন্টারে এই ঘটনা ঘটে। আহতদের দুজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাজশাহী যাওয়ার জন্য রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের তিন ছাত্রী নাটোর মাদ্রাসা মোড়ের বিআরটিসি কাউন্টারে অপেক্ষা করছিলেন। এ সময় কাউন্টারে থাকা তিন বখাটে এক ছাত্রীর ওড়না কেড়ে নিয়ে যৌন হয়রানি করে। অন্য ছাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করলে বখাটেরা তাদের ওপর হামলা চালায়। বখাটেরা ছাত্রীদের পোশাক ধরে টানাটানি করে ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনার খবর পেয়ে প্রথম নির্যাতনের শিকার ছাত্রীর মা-বাবা-ভাই এসে ঘটনার প্রতিবাদ করেন। এতে বখাটেরা তাদেরর বেদম মারধর করে। তারা মেয়েটির মাকে বিবস্ত্র করারও চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে বখাটেরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত বাবা ও বাইকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী নাসিম খান জানান, সন্ত্রাসীরা প্রথমে তাদের উদ্দেশ্য করে নানা কটূক্তি করছিলো। পরে একজন মেয়ের শরীর থেকে ওড়না কেড়ে নেয়। আরেক প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম জানান, বখাটেরা ওই বাস কাউন্টারের আশপাশেই অবস্থান করছিল। "বিআরটিসি বাস কাউন্টারের মাস্টার তাদের চেনেন। অথচ তিনি তাদের বাধা দেননি। ফলে বখাটেরা অনেকক্ষণ ধরে মেয়েদের হয়রানি করে," বলেন হাকিম। হয়রানির শিকার মেয়েদের একজনের বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৩৪ ঘ.