ঠাকুরগাঁও, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে দুই তরুণকে কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম এ সাজা দেন।
দণ্ডিত নাহিদ রহমান বাপ্পীকে (১৮) একবছর এবং তার সহযোগী শফিউল বারি সজিবকে (১৮) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী সাংবাদিকদের বলেন, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) এক শিক্ষার্থীকে বাপ্পী ও সজিব দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
বিকালে পিটিআই-এর প্রধান ফটকের কাছে উত্ত্যক্ত করার সময় বাপ্পী ও সজিবকে আটক করে পুলিশে দেন ওই শিক্ষার্থীর সহযোগীরা।
দণ্ডিত দু'জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
পিটিআই সুপারিনটেনডেন্ট নির্মল চন্দ্র বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বখাটেরা অন্য শিক্ষার্থীদেরও উত্ত্যক্ত করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.
bdnews24