২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ততা: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

বরগুনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উত্ত্যক্তকারীর সঙ্গে আপসের পরামর্শ দেওয়ার অভিযোগ তদন্ত করতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উত্ত্যক্তকারীর সঙ্গে আপসের পরামর্শ দেওয়ার অভিযোগ তদন্ত করতে বলেছে আদালত। বরগুনার বেতাগী থানার বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ও সহকারী উপ-পরিদর্শক মো. ফারুক হোসেনে বিরুদ্ধে ওই অভিযোগ জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টকে ৩০ দিনের মধ্যে তদন্ত করতে বলেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই দুই পুলিশ কর্মকর্তাকে আবারো আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই দুই কর্মকর্তা মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে হাজিরা দিতে এলে আদালত এ সব আদেশ দেয়। গত ৯ ফেব্রুয়ারি বাংলা দৈনিক প্রথম আলোয় 'মেয়েটির এসএসসি পরীক্ষা শেষ করা হবে না!' শীর্ষক খবরটি অ্যাডভোকেট শেখ আলী আহমদ খোকন নজরে আনলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই দুই পুলিশ কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২১০ ঘ.