বাগেরহাট, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বাগেরহাটের রামপাল উপজেলায় এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে রামপালের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভূইঞা এ রায় দেন।
রামপাল থানার ওসি মো. নিজাম উদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানান, অভিযুক্ত জনি শেখকে (১৯) দুপুরে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। জনি রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের বড় দুর্গাপুর গ্রামের আজিজ শেখের ছেলে।
পুলিশ কর্মকর্তা বলেন, ওই কলেজ ছাত্রী রোববার সকালে চকঘোনা প্রাথমিক বিদ্যালয়ে পোলিও টিকা খাওয়ানো কর্মসূচিতে টিকাদানকারী হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ফেরার পথে জনি ও তার এক সহযোগী তাকে উত্ত্যক্ত করে।
নিজাম উদ্দিন জানান, মেয়েটি এলাকার মুরুব্বীদের কাছে নালিশ জানালে জনি সহযোগীদের নিয়ে রোববার বিকালে তাকে খুঁজতে চকঘোনা গ্রামে যায়। এ সময় এলাকাবাসী ধাওয়া করে জনিকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। গ্রামবাসী রাতে জনিকে পুলিশে দেয়।
পুলিশ ভ্রাম্যমাণ আদালতে জনির বিচারের আবেদন জানালে রামপালের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভুইঞা সাক্ষ্য গ্রহণ শেষে দণ্ডাদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৭৪৫ ঘ.
bdnews24