২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই, একজন নিহত

রাজধানীতে চলমান পুলিশের বিশেষ অভিযানের মধ্যেই দুই ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন মারা গেছেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে চলমান পুলিশের বিশেষ অভিযানের মধ্যেই দুই ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন মারা গেছেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন। রোববার দুপুরে বাড্ডা এলাকায় চাল ব্যবসায়ী শামছুল ইসলামকে (৫০) গুলি করে ছিনতাইকারী। তিনি ওই এলাকার মেসার্স সাতারকুল রাইস এজেন্সির স্বত্ত্বাধিকারী। ব্যবসায় প্রতিষ্ঠানটির কর্মীদের বরাত দিয়ে পুলিশ বলেছে, শামছুল আলম ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার সঙ্গে ১৬ লাখ টাকা ছিলো। এরমধ্যে চার লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। ব্যবসায়ী নিহত হওয়ার পরপর ছিনতাইকারীদের গ্রেপ্তার দাবি করে স্থানীয়রা কুড়িল-বাড্ডা সড়ক অবরোধ করে। তারা গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গেণ্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারীর গুলিতে আহত হন ভাড়া গাড়ি ব্যবসায়ী আবদুল হক (৪০)। ছিনতাইকারীরা তার কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছে তার স্বজনরা। তবে পুলিশ টাকার পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) মো.বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে মধ্য বাড্ডার রাজভোগ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে শামছুল ছিনতাইকারীদের কবলে পড়েন। গুলি করে টাকা নিয়ে পালানোর সময় পথচারীরা ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের চার লাখ টাকা তখনি উদ্ধার করা হয়। তবে গুলি গ্রেপ্তারকৃতদের নাম জানাতে পারেনি পুলিশ। এসআই জানান, আহত শামছুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। ফারুক হোসেন নামের স্থানীয় একজন ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কোনো নিরাপত্তা নাই। নগদ টাকা তুলে ব্যবসা করবো, যে কোনো সময় জীবন চলে যেতে পারে। সরকারকে আমাদের জীবনের নিরাপত্তা দিতে হবে।" বাড্ডা থানার ওসি মজিবুর রহমান জানান, জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করলে পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ভাড়া গাড়ি ব্যবসায়ী আবদুল হক (৪০) গেণ্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারীর গুলিতে আহত হন। পরে তার চাচা আবদুর রহমান বিকাল ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি দাবি করেন, ছিনতাইকারীরা আবদুল হকের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে গেছে। তবে গেন্ডারিয়া থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এত টাকা নিয়ে পায়ে হেঁটে যমুনা ব্যাংকে যাবে এ ব্যাপারে আমার কাছে সন্দেহ আছে। টাকার পরিমাণ এত নাও হতে পারে।" ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, আবদুল হকের বুকের ডান পাশে গুলি লেগেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএল/এমআই/এমএসবি/২১৪৪ ঘ.