২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উত্ত্যক্তকারীর জেল জরিমানা

ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শনিবার ঝিনাইদহ ও লালমনিরহাটে দুই বখাটের জেল জরিমানা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 06:22 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শনিবার ঝিনাইদহ ও লালমনিরহাটে দুই বখাটের জেল জরিমানা হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, মাদ্রাসা ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে সদর উপজেলার আহসাননগর গ্রামের মো. আশরাফুল ইসলামের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাত ১০টার দিকে ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা এ সাজা দেন। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, দণ্ডিত ছেলেটি আহসাননগর মহিলা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করত। দুপুরে সে মাদ্রাসায় গিয়ে মেয়েটিকে উত্ত্যক্তের এক পর্যায়ে থাপ্পর মারলে শিক্ষকরা তাকে ধরে পুলিশে দেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। রাতে তিনি থানায় আদালত বসান। লালমনিরহাট প্রতিনিধি জানান, কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাটের মিন্টু মিয়ার (১৮) দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাত ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদুর রহমান এ সাজা দেন। আদিতমারী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, মিন্টু মিয়া আদিতমারী সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি ছাত্রীটির বাবা পুলিশকে জানালে পুলিশ তা নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদুর রহমানকে জানায়। শনিবার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। তাৎক্ষণিকভাবে তাকে সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.