শরীয়তপুর, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরে দোররা মেরে কিশোরী হেনা আক্তারকে 'হত্যা'র ঘটনায় আরো একটি মামলা হয়েছে।
অবৈধ সালিশ ও দোররা মারার অভিযোগে করা এই মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নড়িয়া থানায় মামলাটি করেন হেনার মা আকলিমা আক্তার।
নড়িয় থানার উপ-পরিদর্শক (এসআই) মীর্জ এ কে আজাদ মামলা করার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে মামলাটি করা হয়েছে।
হেনা হত্যা মামলার আসামিদেরকেই এই মামলায় আসামি করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে, বৃহস্পতিবার রাজধানীর হাইকোর্টে উপস্থিত হওয়ার পর গ্রেপ্তার করা হয় অন্যতম সালিশকারী স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস শেখকে।
জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন পুুলিশ হেফাজতের আবেদন করে শুক্রবার তাকে আদালতে নেওয়া হয়।
আদালত আগামীকাল শনিবার আবেদন শুনানির দিন ধার্য্য করে ইদ্রিসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশ বসিয়ে ফতোয়ার মাধ্যমে দোররা মারার পর হেনা আক্তার (১৪) গত ৩১ জানুয়ারি মারা যায়।
হেনার মৃত্যুর পর তার বাবা দরবেশ খান থানায় একটি হত্যা মামলা করেন, যাতে ১৮ জনকে আসামি করা হয়।
হেনার সঙ্গে চাচাত ভাই মাহবুবুর রহমান খানের সম্পর্কের ঘটনায় ওই সালিশ বসে। মামলার প্রধান আসামি মাহবুবসহ পাঁচজনকে এর আগে গ্রেপ্তার করা হয়।
প্রথম ময়না তদন্তে হেনার দেহে কোনো নির্যাতনের চিহ্ন না পাওয়ার কথা বলা হলে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ নতুন করে ময়না তদন্তের নির্দেশ দেয়। ঢাকায় দ্বিতীয় দফায় ময়না তদন্তে নির্যাতনের প্রমাণ মেলে।
দুই ময়না তদন্ত প্রতিবেদনের অমিল থাকায় বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি করতে নির্দেশ দিয়ে উচ্চ আদালত।
ওইদিন হাইকোর্টের আদেশে আদালতে হেনার বাবা ও মা ছাড়াও উপস্থিত হন নড়িয়া থানার উপপরিদর্শক আসলাম উদ্দিন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম সারওয়ার, চামটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস শেখ।
নড়িয়া থানা পুলিশ জানায়, হেনার মায়ের করা মামলার আসামিরা হলেন- মাহবুবুর রহমান খান, তার স্ত্রী শিল্পী আক্তার, মাহবুবের বাবা রবিউল খান, দোররা মারা রব মীর মালতের স্ত্রী জাহানারা বেগম, আবদুল হালিম খানের স্ত্রী মোর্শেদা বেগম, ইউপি সদস্য ইদ্রিস শেখ, আক্কাস মীর মালত, ইয়াসিন মীর মালত, দীল মোহাম্মদ মীর মালত, আলাবক্স করাতী, জয়নাল মীর মালত, লতিফ মীর মালত, আবদুল হাই মীর মালত, স্থানীয় মাঝিবাড়ি মসজিদের ইমাম হাফেজ মো. মফিজ উদ্দিন, চামটা আবুল বাশার উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান, এলেম বক্সের স্ত্রী জাহানারা বেগম, মো. হাসান ও শহীদ সিকদার।
পুলিশ আরো জানায়, ইদ্রিসকে শুক্রবার দুপুর ১২টার দিকে নড়িয়া থানায় আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর বিকাল ৫টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদে ইদ্রিস সালিশ বৈঠকে দোররা মারার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান জানান, ইদ্রিস শেখকে শরীয়তপুর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজত চাওয়া হয়েছে। আদালত শনিবার আবেদন শুনে সিদ্ধান্ত জানাবে।
তিনি আরো জানান, হত্যা মামলার মামলার প্রধান আসামি মাহবুবুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। মাহবুবকে বুধবার রাত ৩টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
'হত্যাকাণ্ডের' ১১ দিন পরও মামলার বাকি ১২ আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
শরীয়তপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম শহিদুর রহমান জানান, আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, হেনা 'হত্যায়' জড়িতদের বিচারের দাবিতে নড়িয়ার গোলারবাজারে সুর্যদীঘল বাড়ি সাহিত্য কেন্দ্রের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বিকাল ৪টার দিকে এই কর্মসূচি পালনের সময় বক্তব্য রাখেন কেন্দ্রের উপদেষ্টা বাবুল দেওয়ান, হাতেম কাজী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24