গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকজন বখাটের উৎপাতে কোটালীপাড়ার হিরন ইউনিয়নে বহু ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। অনেক অভিভাবক মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন।
বেশ কিছুদিন থেকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ও পূর্ব বর্ষাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা এ অবস্থার শিকার হচ্ছে।
এর প্রতিবাদ এবং ছাত্রীদের স্কুলে যাওয়া নিরাপদ করার দাবিতে বর্ষপাড়া দক্ষিণপাড়া গ্রামের কয়েকশ' নারী-পুরুষ শুক্রবার বিকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
তারা বখাটেদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকাবাসী জানায়, গত রোববার বর্ষাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা দুই কিশোরকে মারধর করে আহত করে।
আহত হাফিজুর (১১) ও শরিফুল (১১) নামের ওই দুই কিশোরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ওই ঘটনায় ছাত্রীটির বাবা কোটালীপাড়া থানায় রোববার রাতেই লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বরাত দিয়ে কোটালীপাড়া থানার ওসি ফেরদৌস ফয়সাল বলেন, রোববার পূর্ব বর্ষাপাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার সময় এলাকার বখাটে রুবেল বিশ্বাস ও নুরু বিশ্বাসসহ (২৪) তিনজন উত্ত্যক্ত করে।
মেয়েটির ভাই হাফিজুর (১১) ও তার সহপাঠি শরিফুল (১১) এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের প্রচণ্ডভাবে মারধর করে।
থানায় অভিযোগ করার পর বখাটেরা আরো বেপরোয়া হয়ে ওঠে। এরপর থেকে তারা বর্ষাপাড়া দক্ষিণ পাড়ার কোনো শিক্ষার্থীকে স্কুলে যেতে দিচ্ছে না। মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে।
গ্রামের শিক্ষার্থীদের তারা স্কুলে যেতে দিচ্ছে না। এলাকাবাসীকে মারধর করছে, ভয়ভীতি দেখাচ্ছে। স্কুল ভ্যান চালকদের ভ্যান চালাতে বাধা দিচ্ছে।
এসব ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে শুক্রবার সকালে ওই বখাটেরা গ্রামের বৃদ্ধ মো. আয়ূব আলীকে (৫৮) মারধর করেছে বলে অভিযোগ করে এলাকাবাসী।
গ্রামের দুলাল বিশ্বাস অভিযোগ করেন, উত্ত্যক্তকারীদের অত্যাচারে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। সড়ইডাঙ্গা গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ক্লাস না করেই পরীক্ষা দিতে হচ্ছে।
ছত্রকান্দা গ্রামের ওই স্কুলের ৯ম ও ১০ম শ্রেণীর এবং বর্ষপাড়ার ৭ম শ্রেণীর কয়েকজন ছাত্রীকে বখাটের হাত থেকে বাঁচাতে বিয়ে দিতে বাধ্য হয়েছেন অভিভাবকরা।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক সুমন ভক্ত বলেন, রুবেল এলাকার চিহ্নিত বখাটে। তার আগের রেকর্ড ভাল নয়। উত্ত্যক্তকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.
bdnews24