শেরপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে ছয়মাস সশ্রম কারাদণ্ড দিয়েছে শেরপুরের একটি ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো দুইমাস কারাভোগ করতে হবে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলশান আরা বেগম।
দণ্ডিত সুমন (১৯) শ্রীবরদী উপজেলার ঝিনিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার মোবারকপুর গ্রামের দশম শ্রেণীতে অধ্যয়নরত একটি মেয়েকে (১৪) নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল সুমন।
শুক্রবার রাতে সুমন লোকজন নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধরে পুলিশে সোপর্দ করে।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক হাফিজ আল আসাদ বলেন, পুলিশ ভ্রাম্যমাণ আদালতে দিলে তাৎক্ষণিক তার বিচার করা হয়। রাতেই তাকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.
bdnews24