নওগাঁ, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির সময় বখাটেকে আটক করেও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ছাত্রীকেই পিটুনি দিয়েছেন শিক্ষকেরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার কালাইবাড়ী দুয়ারপাল দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় তিনি নিতপুরে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদ্রাসার ক্লাস শুরুর পর সাবেক ছাত্র মহসীন আলী দশম শ্রেণীর ওই ছাত্রী ডেকে নিয়ে যান।
পরে মাদ্রাসার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। ছাত্রীটি চিৎকার দিলে শিক্ষার্থী ও শিক্ষকেরা ছুটে এসে মহসীনকে আটক করে। কিন্তু পরে মহসীন কৌশলে পালিয়ে যায়।
মহসীন দুয়ারপাল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং পোরশা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
ঘটনার পর সহকারী শিক্ষক মমরেস আলী ছাত্রীটিকে বেত দিয়ে পেটান। কয়েকজন ছাত্র এর প্রতিবাদ করলে তাদেরও মারধর করেন মমরেস আলী।
মমরেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তার নেই। সেটা করবেন মাদ্রাসার প্রধান শিক্ষক।
পোরশা থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.
bdnews24