ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী ও মুন্সীগঞ্জে উত্ত্যক্ত করার দায়ে বৃহস্পতিবার এক শিক্ষকসহ দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার বেগমগঞ্জে স্কুলছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করায় অরুণ চন্দ্র দে নামে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুল জান্নাত এ দণ্ড দেন।
অরুণ উপজেলার উত্তর মীরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বেগমগঞ্জ থানার ওসি আবদুর রব জানান, অরুণকে থানা হাজতে রাখা হয়েছে। শুক্রবার নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।
তিনি আরো বলেন, শরীরে হাত দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগ এনে কয়েকদিন আগে ছাত্রীরা অরুণের বিরুদ্ধে বেগমগঞ্জ উপজেলা পরষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে ডেকে নেওয়া হয়। তিনি দোষ স্বীকার করলে বিচারক এক বছরের কারাদণ্ড দেন।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকালে টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার সময় মো. মঞ্জু (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জলিল তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
টঙ্গীবাড়ি থানার ওসি আব্দুল্লাহ জানান, মঞ্জুর বাড়ি ওই উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এএল/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24