২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে উত্ত্যক্তের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ইভ টিজিংয়ের অভিযোগ করেছেন মনোবিজ্ঞান বিভাগের এক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ইভ টিজিংয়ের অভিযোগ করেছেন মনোবিজ্ঞান বিভাগের এক ছাত্রী। বিবাহিত ওই শিক্ষার্থী ক্যাম্পাসে তার নিরাপত্তা চেয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের কথা স্বীকার করে উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো উত্যক্তকারীকে ছাড় দেওয়া হবে না। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মনোবিজ্ঞান বিভাগের সপ্তম সেমিস্টারের ওই ছাত্রীকে র্দীঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছে একই বিভাগের তারই সহপাঠী মহসিন উদ্দিন মাহমুদ রাজীব এবং আব্দুল্লাহ আল মামুন। ওই ছাত্রী অভিযোগ করেন, ২০০৯ সালের রমজান মাসে বিশ্ববিদ্যালয় গেটে তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে রাজীব ও মামুন। এর প্রতিবাদ করায় তার সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। এ সময় তিনি রাজিবের গালে চড় কষে দেন। এর পর থেকে তার পিছু নেয় ছাত্রলীগের এই দুই কর্মী। বিভিন্ন সময় মোবাইল ফোনে উত্ত্যক্ত করা ছাড়াও ক্লাসেই তার উপর ঢিল ছোড়া এবং অশালীন মন্তব্য করে তাকে উত্ত্যক্ত করা হয়। অভিযোগে আরো বলা হয়, এমনকি তাকে বিশ্ববিদ্যালয়ে না আসারও হুমকি দেয় রাজীব ও মামুন। পরে বিষয়টি বিভাগের চেয়ারম্যানকে জানালে তারা আর উত্ত্যক্ত করবে না- এই মুচলেকা দেয়। সর্বশেষ ২৭ জানুয়ারি ওই ছাত্রীকে আবারো উত্ত্যক্ত করে তারা। এরপরই তিনি উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন বলেন, ঘটনাটি একই বিভাগের সহপাঠীদের মধ্যে। তাই তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হয়েছিলো। আবারও উত্ত্যক্ত করার ঘটনা ঘটে থাকলে উপাচার্যের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৭ ঘ.