বরিশাল, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির নলছিটি উপজেলায় সহপাঠী ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মোস্তাফিজ বিশ্বাস (১৬) নামের এক এসএসসি পরিক্ষার্থীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী রোবরার এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজ উপজেলার চরকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।
নির্বাহী কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোস্তাফিজ শনিবার সকালে তার এক সহপাঠী ছাত্রীকে উত্ত্যক্ত করে। ওই ছাত্রীর বাবা এ ব্যাপারে থানায় অভিযোগ করেন।
পুলিশ রাতে মোস্তাফিজকে আটক করার পর রোববার সকালে ভ্রাম্যামাণ আদালতে সোপর্দ করে।
মোস্তাফিজ অভিযোগ স্বীকার করে বলে সঞ্জয় চক্রবর্তী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৪১ ঘ.
bdnews24