নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কলেজছাত্রীকে উত্যক্ত করায় নারায়ণগঞ্জে এক খেয়া ঘাটের ইজারাদারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আকতার চৌধুরী শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাধুরঘাট খেয়া ঘাটের ইজারাদার মো. নুরুজ্জামানকে (২৮) এই আদেশ দেন । নুরুজ্জমানকে দুুপুরেই কারাগারে পাঠানো হয়।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।
এতে বলা হয়, নুরুজ্জামান তার কয়েকজন সঙ্গীকে নিয়ে খেয়া ঘাটে বসে কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করে আসছিলেন। কিছুদিন আগে ছাত্রীরা এ বিষয়ে র্যাবের কাছে অভিযোগ করে।
শনিবার দুপুরে র্যাব-১১ সিপিসি-১ এর একটি দল সাদা পোশাকে অবস্থান নিয়ে নুরুজ্জামানকে উত্যক্ত করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে নুরুজ্জামানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২১২৭ ঘ.
bdnews24