লালমনিরহাট, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার দায়ে লালমনিরহাট সরকারি কলেজের এক ছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম এ সাজা দেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার তালুক খুটামারা গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম লালমনিরহাট সরকারি মজিদা কলেজের এক এইচএসসি'র ছাত্রীকে (১৮) বেশ কিছুদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল।
রাত ৯টার দিকে আজিজুল ইসলাম উপজেলার কিসামত খুটামারা গ্রামে ওই ছাত্রীর বাড়ি গিয়ে তার হাত ধরে টানাটানি করে বাইরে নেওয়ার চেষ্টা করে।
মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এসে আজিজুলকে আটক করে পুলিশকে খবর দেয়।
রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে সাজা দেন।
লালমনিরহাট সদর থানার ওসি ময়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.
bdnews24