২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক কলেজ শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক কলেজ শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আনোয়ার হোসেন বিনোদপুর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আব্দুল লতিফের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আব্দুল লতিফ আদালতে আত্মসমর্পন করে জামিন চেয়েছিলেন। গত বছরের ২ অক্টোবর কলেজের এক ছাত্রীর সঙ্গে তার গোপন সম্পর্কের ভিডিও ফুটেজ বিনোদপুর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত আব্দুল লতিফকে (৪২) সাময়িকভাবে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। ওই রাতেই ছাত্রীটি তাকে ধর্ষণের অভিযোগে শিবগঞ্জ থানায় আব্দুল লতিফের বিরুদ্ধে মামলা করেন। শিবগঞ্জ থানার ওসি অনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথমবর্ষের এই ছাত্রী আব্দুল লতিফের কাছে প্রাইভেট পড়তেন। সে সময় লতিফ তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং তা ভিডিও করে রাখেন। এইচএসসি পাশ করার ছাত্রীটির সঙ্গে অন্য এক স্কুলশিক্ষকের বিয়ে হয়। গত বছরের ২৭ সেপ্টেম্বর লতিফ তার মোবাইল ফোনটি বিনোদপুর বাজারে একটি মোবাইল ফোন সার্ভিসিং এর দোকানে মেরামত করতে দেয়। সেখান থেকে ওই ভিডিও ফুটেজটি স্থানীয়দের হাতে ছড়িয়ে পড়ে। ওই বছরের ১ অক্টোবর বিষয়টি ছাত্রীটির স্বামী জানতে পারেন। তিনি ওইদিন রাতেই স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের বিচার ও শাস্তির দাবিতে পরদিন অভিভাবক ও ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষ রুহুল আমিনকে তার কক্ষে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে আব্দুল লতিফকে সাময়িক বরখাস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৭ ঘ.