ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইভ টিজিংকে (উত্ত্যক্ততা) যৌন হয়রানি হিসাবে বিবেচনা করে আইনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আইনজীবী ফাহিমা নাসরিনের এক রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেয়।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে ২০১০ সালের ২ নভেম্বর এ রিট আবেদন করা হয়।
রায়ে আদালত বলেছে, ইভ টিজিং (উত্ত্যক্ততা) শব্দটি অপরাধের মাত্রা হালকা করে দেয়, তাই এর পরিবর্তে সর্বস্তরে 'যৌন হয়রানি' শব্দটি ব্যবহার করতে হবে।
এ ছাড়াও এ সংক্রান্ত বেশ কিছু নির্দেশ এসেছে রায়ে।
এসএমএস, এমএমএস, ইমেইল ও ফোন/মোবাইলের মাধ্যমে উত্ত্যক্ত করাকেও অপরাধ হিসাবে গণ্য করে যৌন হয়রানি প্রতিরোধ আইনে এ বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা, নারী নির্যাতন প্রতিরোধ তদারকি করতে প্রতি থানায় সেল গঠন করে কমিটিকে প্রতি মাসে একবার জেলা উন্নয়ন কমিটিতে এ সম্পর্কিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে নির্যাতনের শিকার ব্যক্তি ও সাক্ষীর নিরাপত্তা বিধানে সরকারকে আইন প্রণয়নের নির্দেশ দিয়ে আদালত বলেছে, এটি না হওয়া পর্যন্ত সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদকে আইন হিসাবে গণ্য করতে হবে।
প্রস্তাবিত নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর সংশোধনীতে যৌন নির্যাতনের স্থান হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রকে সীমাবদ্ধ না রেখে সব সরকারি ও বেসকারি স্থানকে আইনে অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সব সাইবার ক্যাফের নিবন্ধন ও ব্যবহারকারীর পরিচয় সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে আদালত।
এ ব্যাপারে রিটকারী ফাহিমা নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রায়ের ফলে ইভ টিজিংয়ের শিকার নারীরা আইনের সুরক্ষা পেল।"
সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এএল/পিডি/১৬২১ ঘ.
bdnews24