রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক (পরিদর্শক) অমিতাভ চ্যাটার্জীর নিয়োগ বাতিল করা হয়।
এ সংক্রান্ত আদেশ দুপুরে নাট্যকলা ও সঙ্গীত বিভাগে পৌঁছেছে। তবে আদেশে অভিযোগের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক মলয় কুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ হাতে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী সাংবাদিকদের জানান, অমিতাভ চ্যাটার্জীর নিয়োগ বাতিল করা হয়েছে।
২০০৩ সালে তিনি খণ্ডকালীন শিক্ষক পদে নিয়োগ পান।
তবে অমিতাভ চ্যাটার্জী বিকাল পর্যন্ত চাকরিচ্যুতির কোনো আদেশ বা চিঠি হাতে পাননি উল্লেখ করে এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, অমিতাভ চ্যাটার্জীর বিরুদ্ধে একই বিভাগের প্রথম বর্ষের (পুরনো) এক ছাত্রী গত সোমবার বিভাগীয় সভাপতির মাধ্যমে রেজিস্ট্রারের কাছে উত্ত্যক্তের লিখিত অভিযোগ করেন।
এছাড়া ওইদিনই বিভাগের আরো কয়েকজন শিক্ষার্থী ও ভুক্তভোগী এক ছাত্রীর (প্রথম বর্ষ) বাবা উপাচার্যের কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দেয়।
অভিযোগগুলোতে বলা হয়, অমিতাভ চ্যাটার্জী দীর্ঘ দিন ধরে বিভাগের ছাত্রীদের সরাসরি বা মোবাইল ফোনে উত্ত্যক্ত, কুপ্রস্তাব ও শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংসের হুমকি দিয়ে আসছিলেন।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিভাগীয় একাডেমিক কমিটির জরুরি সভায় অমিতাভ চ্যাটার্জীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং তাকে ক্লাস নেওয়া থেকে বিরত থাকার সুপারিশ করা হয়।
এদিকে অমিতাভ চ্যাটার্জীর চাকরিচ্যুতির খবর পেয়ে বিভাগে মিষ্টি বিতরণ করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ওই শিক্ষককে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যাতে পরবর্তীতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৪ ঘ.
bdnews24