২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে উত্ত্যক্তকারীর কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

দিনাজপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন। অভিযুক্ত মাবুদ (১৯) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কুমারপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। চণ্ডীপুর গ্রামের মন্টু মিয়া জানান, তার মেয়ে হাকিমপুরের বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে প্রায় সময় মাবুদ তার মেয়েকে উত্ত্যক্ত করতো। হাকিমপুর থানার ওসি মো. হেলাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার মধ্যরাতে মাবুদ ঘরে ঢুকে তার মেয়েকে জাপটে ধরে। তার চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠলে মাবুদ পালিয়ে যায়। মেয়েটি তাকে উত্ত্যক্ত করার ঘটনা তার বাবা-মাকে জানায়। ওই রাতেই তারা মাবুদকে বিশাপাড়া গ্রাম থেকে আটক করে। রোববার সকালে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। দুপুর একটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন ছাত্রীর জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাবুদকে দুই মাসের কারাদন্ড দেন। অভিযুক্ত মাবুদ নিজেকে নির্দোষ দাবি করে বলে, মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৮ ঘ.