২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ৫ ছাত্রলীগ কর্মী সাময়িক বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন- কামাল হোসেন (বাংলা), তমাল হোসন (ব্যবস্থাপনা), জোবায়ের প্রিন্স (ইসলামিক স্টাডিজ), জামাল আহমেদ, (ইসলামিক স্টাডিজ), সোহাগ হাসান (ব্যবস্থাপনা)। তারা সবাই পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর সহপাঠীদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আইন শৃংখলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র রিফাত আহমেদকে বেধড়ক পেটায় একদল শিক্ষার্থী। তারা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী। রিফাত ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, রিফাত সোমবার দুপুরে ক্যাম্পাস থেকে বের হয়ে আজমিরি পরিবহনের একটি বাসে তার বান্ধবীর সঙ্গে যাচ্ছিলেন। বাসে তমাল হোসেন নামে এক ছাত্র ছিলেন। পথে বাসের মধ্যে রিফাত ও তার বান্ধবীকে নানাভাবে কটূক্তি করেন তমাল। রিফাত প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ গ্র"পের সদস্য হিসেবে পরিচিত তমাল তখন তাকে হুমকি দেয় বলে শিক্ষার্থীরা জানায়। শিক্ষার্থীরা জানায়, ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তমাল তার দলবল নিয়ে হিসাব বিজ্ঞান বিভাগে গিয়ে রিফাতকে খুঁজে বের করে বেধড়ক মারধর করে চলে যান। হামলায় তার মাথা ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। এদিকে ঘটনার অনুসন্ধানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মোশারফ হোসেনকে আহবায়ক করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্তে দোষি প্রমাণিত হলে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯১১ ঘ.