২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বখাটের কারাদণ্ড

কয়েকজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে নরসিংদীর শিবপুর উপজেলায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

নরসিংদী, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কয়েকজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে নরসিংদীর শিবপুর উপজেলায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিত যুবক হলো- উপজেলার সৈয়দ নগর গ্রামের ফজলুল হক খন্দকারের ছেলে রূপম খন্দকার (১৯)। সৈয়দ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল কবীর সাংবাদিকদের জানান, তার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর কযেকজন ছাত্রীকে একই গ্রামের রূপম উত্ত্যক্ত করে আসছিলো। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ছাত্রীরা তার কাছে লিখিত অভিযোগ করে। তিনি এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের কাছে বলেও কোনো প্রতিকার পাননি। পরে ঘটনাটি তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন বলে প্রধান শিক্ষক জানান। শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বখাটেকে আটক করেন। এরপর ইউএনও'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে। অপরাধের প্রমাণ পেয়ে বিচারক হেলাল উদ্দিন আসামিকে ছয়মাসের কারাদণ্ড দেন। আদালতের রায়ের পর বখাটে রূপমকে কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৯ ঘ.