২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে উত্ত্যক্তকারীর কারাদণ্ড

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

নোয়াখালী, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা তার কার্যালয়ে আদালত পরিচালনা করেন। অভিযুক্ত ইমাম হোসেন (২০) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মো. মানিকের ছেলে। সেনবাগ থানার ওসি মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমাম হোসেন তার সহযোগীদের নিয়ে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ের কয়েক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। বৃহস্পতিবার সকালে ইমাম ও তার সহযোগীরা তাদের উত্ত্যক্ত করে। ছাত্রীরা বিষয়টি বিদ্যালয় শিক্ষকদের জানালে তারা থানাকে অবহিত করেন। পরে পুলিশ সোনাকান্দি গ্রামে গিয়ে ইমামকে আটক করে থানায় নিয়ে আসে। সাজার পর অভিযুক্তকে সেনবাগ থানায় রাখা হয়েছে। শুক্রবার তাকে নোয়াখালী কারাগারে পাঠানো হবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৯ ঘ.