নওগাঁ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাইয়ে এক উত্ত্যক্তকারীর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
বুধবার আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সোবহান এ সাজা দেন।
দণ্ডিত মুক্তার হোসেন (২৩) উপজেলার জাত আমরুল খলিফা পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, মুক্তার হোসেন পাশের বজ্রপুর গ্রামের সিংসাড়া দেওয়ান কছির উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত।
বুধবার বিকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে জাত আমরুল যাওয়ার পথে মুক্তার তাকে উত্ত্যক্ত করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন মুক্তারকে আটক করে থানায় খবর দেয়।
আত্রাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ইউএনও কার্যালয়ে নিয়ে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে ইউএনও কার্যালয়ে আদালত বসানো হয়।
রাতে মুক্তার হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24