২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গেণ্ডারিয়ায় বখাটের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী আহত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীতে এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে যুবক। তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীতে এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে যুবক। তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গেণ্ডারিয়া থানার ফজলুল হক মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত মিতা দেব (২০) সরকারি কবি নজরুল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মিতার বাবা নেপাল চন্দ্র সাংবাদিকদের জানান, মিতা পড়াশুনার পাশাপাশি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে টেলিফোন অপারেটর হিসেবে কাজ করে। বেলা আড়াইটার দিকে মিতা তার সঙ্গে রিক্সায় করে মেডিকেল কলেজ থেকে ফরিদাবাদ ব্যাংক কলোনীর বাসায় ফিরছিলো। ওই কলেজের সামনে জামিল আহমেদ মিশু নামে এক যুবক হঠাৎ তাদের রিক্সার সামনে এসে মিতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, মিশু প্রায়ই মিতাকে প্রেমের প্রস্তাব দিতো। মিশুর চাচাতো ভাই জামিল কবি নজরুল কলেজের ছাত্র। সেই সুবাদে মিশু প্রায়ই ওই কলেজে যেতো। এ ব্যাপারে ঢাকা ন্যাশনাল হাসপাতালের পরিচালক এআর আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিতা দেব বর্তমানে অপারেশন থিয়েটারে আছেন। তার মুখে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে শুনেছি।" গেণ্ডারিয়া থানার ওসি ফারুক আহমেদ জানান, আহত কলেজ ছাত্রীর কাছে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তার কাছ থেকে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এইচএ/১৯৪২ ঘ.