গোপালগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত।
সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলার নির্বাহী হাকিম মুতাসিমুল ইসলাম সদর উপজেলার পারকুশলী গ্রামে আদালত পরিচালনা করেন।
সাজপ্রাপ্ত আব্দুল মান্নান ফকিরকে (৪৯) গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মান্নান পারকুশলী গ্রামের মৃত রতন মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, বিবাহিত আব্দুল মান্নান নিঃসন্তান। তিনি পারকুশলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন।
ওই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ মান্নানকে এ ব্যাপারে সতর্ক করে দিয়ে আসে।
ওসি জানান, এরপর মান্নান ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত এবং পরিবারের ওপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। অভিযোগ পেয়ে পুলিশ সোমবার বিকালে মান্নানকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24