২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ে আগুন দিয়ে মরল উত্ত্যক্তের শিকার দিপু

উত্ত্যক্তের যন্ত্রণায় অতীষ্ঠ হয়ে নিজের গায়ে আগুন দেওয়ার ১১দিন পর মারা গেলো নেত্রকোনার এসএসসি পরীক্ষার্থী হাফসা আক্তার দিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

নেত্রকোনা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের যন্ত্রণায় অতীষ্ঠ হয়ে নিজের গায়ে আগুন দেওয়ার ১১দিন পর মারা গেলো নেত্রকোনার এসএসসি পরীক্ষার্থী হাফসা আক্তার দিপু। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। দিপু (১৫) বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। সে আটপাড়া উপজেলার বাকরপুর গ্রামের দেলোয়ার হোসেনের পালিত মেয়ে। গত ২১ ডিসেম্বর দুপুরে দিপুর শ্লীলতাহানি করে বনিয়াজান গ্রামের রহিছ উদ্দিনের ছেলে মাসুম। ক্ষোভে অপমানে পরদিন সকালে দিপু নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। শ্লীলতাহানির ঘটনায় ২১ ডিসেম্বর দিপুর বাবা দেলোয়ার হোসেন মাসুমকে আসামি করে আটপাড়া থানায় একটি মামলা করছেন। আটপাড়া থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলে ও কোচিংয়ে আসা-যাওয়ার পথে মাসুম প্রায়ই দিপুকে উত্ত্যক্ত করত। মাসুম তার শ্লীলতাহানী করার পরদিন নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে দিপু। ওইদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মাসুম পলাতক বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৬ ঘ.