২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ধর্ষণ, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কিশোরীকে গণধর্ষণ করেছে বখাটেরা। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কিশোরীকে গণধর্ষণ করেছে বখাটেরা। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। উপজেলার ছনপাড়া এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন- সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার ফিরোজ মিয়ার ছেলে মো. মাসুদ (২০), আব্দুস সালামের ছেলে মো. ফারুক (২৫) ও আনোয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল (১৮)। গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের আশুয়াট এলাকার ওই কিশোরী (১৬) রূপগঞ্জ উপজেলার বলাইখালীতে এনজেড স্পিনিং মিলের শ্রমিক বলে পুলিশ জানিয়েছে। কিশোরীর পরিবারের অভিযোগ, কাজে যাওয়া আসার পথে বখাটে মাসুদ, ফারুক ও ইসমাইল দীর্ঘদিন যাবত মেয়েটিকে উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় মেয়েটিকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, কাজে যাওয়া আসার পথে গ্রেপ্তার তিন বখাটে তাকে উত্ত্যক্ত করতো। ঘটনাটি ওই কিশোরী তার পরিবারের সদস্যদেও জানালে বৃহস্পতিবার রাতে তারা বখাটেদের ডেকে চড়-থাপ্পড় মেরে সাবধান করে দেয়। এর জেরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিরুল ইসলাম বলেন, পরিবারের লোকজন বিষয়টি থানায় জানালে রাতেই ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৬ ঘ.