নেত্রকোনা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সোমবার এক উত্ত্যক্তকারীকে চার হাজার টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।
বিকালে ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন উপজেলার ইসলামপুর গ্রামে এ আদালত বসান।
দণ্ডিত শাহীন মিয়া (১৮) অতিথপুর গ্রামের কাছম আলীর ছেলে। সুনামগঞ্জের বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
এলাকাবাসী জানায়, অতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে শাহীন মিয়া প্রায়ই স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করত।
সোমবার বিকালে স্কুল শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে পাশের ইসলামপুর গ্রামে শাহীন ছাত্রীটির গায়ের ওপর সাইকেল তুলে দেয়। এক পর্যায়ে মেয়েটিকে চড়থাপ্পড় দেয় এবং অশালীন কথা বলে।
এ সময় এলাকাবাসী শাহীনকে আটক করে ম্যাজিস্ট্রেটের কাছে খবর দেয়।
ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন বলেন, ছেলেটির বাবা কাছম আলী ক্ষমা চাওয়ায় শুধু চার হাজার টাকা জরিমানা করে শাহীনকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24