মাগুরা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েটিফোর ডটকম)- মাগুরায় বখাটের হাত থেকে মাদ্রাসা ছাত্রী ননদকে রক্ষা করতে গিয়ে জখম হয়েছে তিনজন।
সদর উপজেলার মনিরামপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে বলে আহতরা জানিয়েছে।
সদর থানার ওসি আব্দুর রকিব খান সাংবাদিকদের জানান, এ ঘটনায় ছাত্রীটির ভাই হাবিবুল্লাহ বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আহত তিনজন হলেন- ছাত্রীটির ভাবী সান্ত্বনা বেগম (২০), ভাই হাবিবুল্লাহ (৩৫) ও বড় বোন রেবেকা (২২)।
সান্ত্বনাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি সাংবাদিকদের জানান, মনিরামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে আমিরুল ইসলাম (২৫) মাদ্রাসায় আসা-যাওয়ার পথে নবম শ্রেণীর ছাত্রী তার ননদকে (১৫) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন।
প্রায়ই আমিরুল তার ননদের পথ রোধ করে প্রেম ও বিয়ের প্রস্তাব দিতো এবং বাজে উক্তি করতো। এমনকি জোর করে আমিরুল তার মোবাইল ফোনে তার ছবি তুলে নেয়।
বিষয়টি তারা আমিরুলের অভিভাবকসহ স্থানীয় মাতবরদের একাধিবার জানিয়েও কোনো প্রতিকার পাননি।
সান্ত্বনা জানান, সম্প্রতি আমিরুল তার ননদকে বিয়ের প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় আমিরুল ক্ষিপ্ত হয়ে ৫/৬ জন বখাটে সঙ্গীকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি এসে তার ননদকে তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে আমিরুল ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে।
তাকে রক্ষা করতে তার স্বামী হাবিবুল্লাহ ও অপর ননদ রেবেকা এগিয়ে এলে তারাও তাদের হামলার শিকার হয়। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24