২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বোনকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বোনকে কুপিয়ে আহত করেছে বখাটেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বোনকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। মঙ্গলবার সকালে উপজেলার বাঘবের এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় রিপাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত রিপা উপজেলার সুলপিনা এলাকার ফিরোজ মিয়ার মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন রিপা সাংবাদিকদের জানান, গত কয়েক দিন ধরে উপজেলার আলমপুরা এলাকার আলেক মিয়ার বখাটে ছেলে হামিদুল (২১) তার ছোট বোন স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলো। তার বোন বিষয়টি পরিবারকে জানায়। রিপা জানান, মঙ্গলবার সকালে তিনি ছোট বোনকে সঙ্গে নিয়ে স্কুলে যাওয়ার পথে বখাটে হামিদুল ও তার তিন বন্ধু উত্ত্যক্ত করতে থাকে। তিনি এর প্রতিবাদ করলে বখাটেরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.