শেরপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে উত্ত্যক্ত করার দুটি ঘটনায় দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব সরকার দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এর আগে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডপ্রাপ্তরা হলো সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের ফরিদ উদ্দিন (২১) এবং শেরীর চর গ্রামের আমিন মিয়া (১৮)।
ওসি বলেন, "কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের একটি মেয়েকে ফরিদ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতো। মেয়েটির পরিবার সামাজিকভাবে এর সমাধানের ব্যবস্থা নিয়েও কোন ফল না পাওয়ায় সদর থানায় মামলা করেন।
অপরদিকে, আমিন শেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করায় ছাত্রীর মা কিছুদিন আগে সদর থানায় একটি মামলা করেন।
পুলিশ সোমবার রাতে ফরিদ ও আমিনকে গ্রেপ্তার করে।
'আমি বখাটে, সমাজের সবাই আমাকে ঘৃণা করুন' লেখা কাগজ এই দুজনের বুকে সেটে দিয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ বাদ্যযন্ত্র বাজিয়ে তাদেরকে শহরের প্রধান প্রধান সড়কে ঘোরায়।
পরে দুজনকে থানার পাশে ভ্রাম্যমান আদালতে নিয়ে যাওয়া হয়। বিচারক দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
সন্ধ্যায় ফরিদ ও আমিনকে জেলা কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৮১৮ ঘ.
bdnews24