২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চৈতীর আত্মহত্যাএক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি আসামি সাগর

কলেজছাত্রী চৈতী আক্তারকে আত্মহননে প্ররোচিত করায় অভিযুক্ত সাগর শিকদার এক সপ্তাহেও গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে চৈতীর পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 06:10 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

মাদারীপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্রী চৈতী আক্তারকে আত্মহননে প্ররোচিত করায় অভিযুক্ত সাগর শিকদার এক সপ্তাহেও গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে চৈতীর পরিবার। চৈতীর বাবা অভিযোগ করেছেন, সাগরকে গ্রেপ্তারে পুলিশ আন্তরিক নয়। তবে পুলিশ বলছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী চৈতী গত ১২ ডিসেম্বর আত্মহত্যা করেন। মৃত্যুর আগে এক চিঠিতে তিনি লেখেন, সাগর তাকে উত্ত্যক্ত করে আসছিলো। এরপর সাগরকে আসামি করে একটি মামলা করেন চৈতীর বাবা শাহাদাত হোসেন। কালকিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিদর্শক শাহাদাত মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনেছি সাগর গোপনে বাড়ি এসে তার বাবা, মা ও স্ত্রীর সঙ্গে দেখা করে যায়। অথচ পুলিশের কাছে গেলে পুলিশ বলে, তারা চেষ্টা করছে। "আমি কয়েকবার তদন্ত কর্মকর্তা আশফাক সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি। তাকে সাগরের এলাকায় অবস্থানের কথা বলেছি। তারপরও কী এক রহস্যজনক কারণে সাগরকে গ্রেপ্তার করা হচ্ছে না।" চৈতীর মা হোসনে আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যার জ্বালাতনে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই। বখাটে সাগর এলাকা দিয়ে ঘোরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।" এ বিষয়ে কালকিনি থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। সাগর কালকিনিতে আসে বলে চৈতীর পরিবার যে দাবি করেছে,সে বিষয়ে তিনি বলেন, "বিষয়টি জানা ছিলো না। আমরা নজরদারি বাড়াবো।" মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আশফাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চৈতীর রেখে যাওয়া চিঠি অনুযায়ী তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে বখাটে সাগর শিকদার, এ বিষয়টি এক রকম আমরা নিশ্চিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.