২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যারা আমার চিঠি পড়বেন ...

"যারা আমার চিঠি পড়বেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, এইসব বখাটের কবলে পড়ে আমার মতো আর কারো জীবন যেন নষ্ট না হয়। আর কেউ যেন আমার মতো শিকার না হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 08:27 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

মাদারীপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "যারা আমার চিঠি পড়বেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, এইসব বখাটের কবলে পড়ে আমার মতো আর কারো জীবন যেন নষ্ট না হয়। আর কেউ যেন আমার মতো শিকার না হয়।" মৃত্যুর আগে এই কথাগুলো ডায়রিতে লিখে গেছে মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজের মানবিক প্রথম বর্ষের ছাত্রী চৈতী আক্তার (১৭)। এক বখাটের কারণে জীবন দিয়েছে সে। তার না বলা কথাগুলো ডায়েরিতে লিখে রোববার সন্ধ্যায় শোবার ঘরে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। চৈতী কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহাদাত হোসেন শিকদারের মেয়ে। তার বাড়ি কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামে। চৈতীর মামা জামাল শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের বখতিয়ার শিকদারের ছেলে বখাটে সাগর শিকদার (২৭) চৈতীকে প্রায়ই উত্যক্ত করতো। তার কারণেই চৈতী আত্মহত্যা করেছে বলে ডায়েরিতে লিখে রেখে গেছে। চার বছর আগে সাগর বিয়ে করেছে। তার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা।" জামাল শিকদার আরো বলেন, "চৈতীর আত্মহত্যার পেছনে যাদের প্ররোচনা রয়েছে তাদের বিচার চাই।" মৃত্যুর আগে চৈতী ডায়েরিতে লিখে যান- 'আমি আমার জীবনের মায়া ত্যাগ করলাম শুধু সাগর নামের একটি ছেলের জন্য। একটা মেয়ের জীবনের অমূল্য ধন ওই ছেলেটা আমার কাছ থেকে অনেক ছলে বলে কৌশলে আদায় করে নিয়েছে। এমনকি আমার বোনকে নষ্ট করার হুমকি দিয়েছে। তাই আমি ভাবলাম আমার জীবন নষ্ট হয়েছে কিন্তু আমার বোনের জীবন নষ্ট হতে দেবো না।' 'আমি আমার এই কষ্টের কথাগুলো কাউকে বলতে পারতাম না। শেষে আমার বোন চাঁদনীর কাছে বলেছিলাম। পরে চাঁদনী ছোট মামীর কাছে ব্যাপারটা জানায়। আমার বাবা খুব রাগী। তাকে খুব সম্মান করি। তাই তার কাছে বলার সাহস হয়নি। কিছুদিন আগে সাগর আমাকে ভয় দেখিয়ে উত্যক্ত করায় আমি কথাগুলো না বলে পারিনি।' 'আমি জানি আত্মহত্যা মহাপাপ। একটা মেয়ে কখন তার জীবনের মায়া ত্যাগ করে। আমি যে বাঁচবো তার কোনো কূলই ছিল না। তারপরও আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে।' কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি। চৈতীর অভিভাবক মামলা দিলে আমরা মামলা নেবো।" সাগরের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরেই চৈতী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪১৯ ঘ.