কুড়িগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কিশোরীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটের ৬ মাসের কারাদণ্ড হয়েছে।
শনিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক এ কারাদণ্ড দেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত আশরাফুল ইসলাম বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।"
ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, খামার আন্ধারীরঝাড় গ্রামের নুরুল ইসলামের মেয়ে আন্ধারীরঝাড় দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী নুপুরকে পার্শ্ববর্তী বীরবারা ইটারি গ্রামের আব্দুল কাদেরের বখাটে ছেলে আশরাফুল ইসলাম বাবু (২২) দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল।
এ বিষয়ে নুপুরের অভিভাবকরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক মণ্ডলের কাছে অভিযোগ করলে আশরাফুল আরো বেপরোয়া হয়ে ওঠে। শনিবার সকালে নুপুর স্কুলে যাওয়ার পথে আশরাফুল তার পথ আগলে তাকে উত্ত্যক্ত করে এবং জোড় করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে বলে হুমকি দেয়।
এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফুলকে আটক করে। এ সময় আশরাফুলের কাছ থেকে 'নুপুর এবং বাবু মিয়ার প্রেম কাহিনী' শীর্ষক চার পাতার কম্পিউটার কম্পোজ করা অশালীন ভাষায় লেখা একটি ছড়ার লিফলেট উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালত আশরাফুলকে ৬ মাসের কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭২৬ ঘ.
bdnews24