ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রী ও নারী উত্ত্যক্ত করার দায়ে বুধবার তিন জেলায় চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার খুলনায় একজন, সাতক্ষীরায় একজন ও যশোরে দুজনকে তাদের সাজা দেওয়া হয়।
এছাড়া নারায়ণগঞ্জে তিন বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা জামিনে ছাড়া পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে ইভটিজিং করায় মুক্তা শেখ (২৪) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দুপুরে রূপসা থানায় আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম এ রায় দেন।
রূপসা থানার ওসি সুভাষ বিশ্বাস বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বামনডাঙ্গা গ্রাম থেকে সুমা খাতুন (১৪) সকালে বাড়ি থেকে ভ্যানযোগে রুপসা উপজেলা শিয়ালী বিদ্যালয়ে যাচ্ছিলো। ভ্যানটি চাঁদপুর গ্রামে এলে মুক্তা শেখ ভ্যানটির গতিরোধ করে সুমাকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় সুমার চিৎকারে লোকজন ছুটে এলে মুক্তা পালিয়ে যায়। সুমা ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন্ময় মল্লিককে জানালে তিনি ঘটনাটি স্থানীয় পুলিশ ক্যাম্পে জানায়।
পরে পুলিশ শিয়ালী বাজার থেকে মুক্তাকে একটি ঘাস কাটার কাচিসহ গ্রেপ্তার করে।
সাতক্ষীরা: কালিগঞ্জ উপজেলার সেকেন্দার নগর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক এলাহী চৌধুরী তার কার্যালয়ে আদালত পরিচালনা করেন।
দণ্ডিত মোক্তার হোসেনের (৪৫) বাড়ি উপজেলার সেকেন্দার নগর গ্রামে।
কালিগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেকেন্দার নগর গ্রামের সাবিনা খাতুন (১৪) ধুলিয়াপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ে। প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে মোক্তার তাকে উত্ত্যক্ত করতেন।
মঙ্গলবার সকালে মোক্তার একই কাজ করলে সাবিনার পরিবার থানায় অভিযোগ করে। পুলিশ রাতেই মোক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।
আদালতের রায়ের পর বিকালে মোক্তারকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
যশোর: যশোরে দুজনকে বিভিন্ন মেযাদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকাল ও রাতে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন আদালত পরিচালনা করে এই সাজা দেন।
দণ্ডিতরা হলো- শহরতলীর বিরামপুুরের রণজিৎ (১৫) ও ওহিয়ার (১৪)।
যশোর কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরামপুর গ্রামের একটি মেয়েকে দীর্ঘদিন ধরে রণজিৎ উত্ত্যক্ত করে আসছিলো।
এ কারণে এক সপ্তাহ আগে মেয়েটিকে তার পরিবার উপশহর এলাকায় নানা বাড়িতে পাঠিয়ে দেয়। বুধবার সকালে ওহিয়ারকে নিয়ে রণজিৎ উপশহরের ডি ব্লক এলাকায় গেলে মেয়েটির পরিবার পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ওহিয়ারকে আটক করতে পারলেও রণজিৎ পালিয়ে যায়।
বিকাল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন ঘটনাস্থলে আদালত বসিয়ে দুই মাসের কারাদণ্ড দেন।
এস এম সোহরাব হোসেন বলেন, ওহিয়ার অপ্রাপ্ত বয়স্ক এবং সে মূল আসামির সহযোগী। তাই সংশোধনের জন্য মানবিক দিক বিবেচনা করে তার বিরুদ্ধে আদালত এ ব্যবস্থা নিয়েছে।
ওসি জানান, মুল উত্ত্যক্তকারী রণজিৎ রাতে বিরামপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচশ' টাকা জরিমানা অনাদায়ে আরো আরো দশদিন কারাদণ্ড দেওয়া হয়।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে শহরের দেওভোগ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- বন্দর উপজেলার সল্পের চর এলাকার মাহমুদুল হাসান (১৯), এসএফ সাহা রোড এলাকার কামরুল ইসলাম (১৮) ও শহরের দেওভোগ এলাকার আশফাক আহম্মেদ (১৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাঈনুর রহমান সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরেই জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে হাকিম আব্দুল ক্দ্দুুস এক হাজার টাকা মুচলেকায় তাদের জামিন দেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বখাটে এই তিন যুবক মর্গান উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করছিলো। এ সময় পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/এমএসবি/২১২৯ ঘ.
bdnews24