২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারীর ৬ মাস কারাদণ্ড

এক উত্ত্যক্তকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে গাজীপুরের একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 06:42 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

গাজীপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক উত্ত্যক্তকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে গাজীপুরের একটি ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার এ রায় দেন। দণ্ডিত মনির হোসেন (২৭) গাজীপুর সদর উপজেলার মাড়িয়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। জেলা গোয়েন্দার পুলিশের উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন বলেন, ২০০৬ সাল থেকেই মনির স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে। এ কারণে ২০০৯ সালে ওই ছাত্রীকে বিয়ে দিয়ে দেয় তার পরিবার। চিকিৎসক স্বামীর সঙ্গে তিনি জেলা শহরেই বসবাস করছেন। কিন্তু বিয়ের পরও সে তাকে উত্ত্যক্ত করত। কখনো মোবাইল ফোনে ও কখনো নিজে বাসায় উপস্থিত হয়ে বিরক্ত করে আসছিল। মঙ্গলবার সকালে আবারো বাসায় এলে তিনি কৌশলে গোয়েন্দা পুলিশে খবর দিলে পুলিশ মনিরকে আটক করে। পুলিশ বিষয়টি জেলা প্রশাসককে জানায়। রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১১ ঘ.