মৌলভীবাজার, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার উত্ত্যক্তকারীর ভাইয়ের হামলায় আহত হয়েছেন উত্ত্যক্ত এক স্কুলছাত্রীর বাবা।
মঙ্গলবার রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আহত কনা মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
রাজনগর থানার উপ-পরিদর্শক দেব দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে একই গ্রামের সেবু মিয়া (৩৭) উত্ত্যক্ত করত। সে বিষয়টি তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদকে জানালে তিনি তা রাজনগর থানা পুলিশকে বলেন।
দুপুরে সেবু আবার মেয়েটিকে উত্ত্যক্ত করলে পুলিশ হাতেনাতে তাকে গ্রেপ্তার করে।
এ খবর পেয়ে সেবুর ভাই খলিল মিয়া গ্রামের রাস্তায় কনা মিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
কনা মিয়া বলেন, মেয়েকে উত্ত্যক্ত করা এবং তাকে পিটিয়ে আহত করার ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24