মাগুরা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মখলেছুর রহমানের আদালত এই সাজা দেন।
অভিযুক্ত স্বাধীন বিশ্বাস (১৬) শহরের নিজনান্দুয়ালীর চর পাড়ার সাহেব আলীর ছেলে।
সদর থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই এলাকার প্রশান্ত দাসের মেয়ে প্রতিমা দাসকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলো স্বাধীন।
তিনি বলেন, মঙ্গলবার প্রতিমা স্কুল থেকে বাড়ি ফেরার পথে নোমানী ময়দান সেগুন বাগিচা এলাকায় স্বাধীন তাকে উত্ত্যক্ত করে এক পর্যায়ে প্রতিমাকে স্বাধীন চড় মারে।
এ সময় সেখানে উপস্থিত জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পরে দুপুর ১টার দিকে স্বাধীনের স্বীকারোক্তি শেষে মখলেছুর রহমান তাকে এই সাজা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩২ ঘ.
bdnews24