২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ছাত্রীকে কুপিয়ে আহত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শেরপুরে এক মাদ্রাসাছাত্রীকে কুপিয়ে আহত হয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 09:03 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

শেরপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শেরপুরে এক মাদ্রাসাছাত্রীকে কুপিয়ে আহত হয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নালিতাবাড়ী উপজেলার কুতুবাকুড়া গ্রামে এ ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়। আহত মৌসুমী আক্তার (১৪) কুতুবাকুড়ার সামছুল হকের মেয়ে এবং নিশ্চিন্তপুর সিনিয়র আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। মৌসুমীর পরিবার অভিযোগ করেছে, হামলকারীরা মৌসুমীকে উত্ত্যক্ত করে আসছিলো। নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রশিদের বখাটে ছেলে সোহেল মিয়া (২০) মৌসুমীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়েও প্রত্যাখ্যাত হয় সে। তিনি বলেন, "সোমবার সন্ধ্যা ৭টার দিকে মৌসুমী ঘর থেকে বাইরে বের হলে ওঁৎ পেতে থাকা সোহেল ও তার সহযোগীরা মৌসুমীকে অপহরণের চেষ্টা করে। মৌসুমী চিৎকার দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে মৌসুমীর পেটে আঘাত করে। এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়।" মৌসুমীকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে তাকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এসআই জহুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমীর বাবা সামছুল হক নালিতাবাড়ী থানায় সোহেলসহ আট জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনার সঙ্গে জড়িত এনামুল হকের বাবা নন্নী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মকবুল হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫০০ ঘ.