নওগাঁ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণকারীকে খুঁজতে সোমবার বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে নওগাঁর রাণীনগর উপজেলার হরিশপুর গ্রামের লোকজন।
গত শনিবার রাত ১১টায় অপহরণ করা হয় ওই গ্রামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে (১০)। রাত ১টার দিকে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে। তবে অপহরণকারীর পরিচয় জানা যায়নি।
এদিকে অপহরণকারীকে সনাক্ত করতে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে গ্রামবাসী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘরের বেড়া কেটে মেয়েটিকে অপহরণ করে। তার পরিবারের লোকজনের চিৎকার ও মোবাইল ফোনের সাহায্যে আশপাশের গ্রামের সবাই ঘটনাটি জেনে যায়।
পরে কয়েকটি গ্রামের মানুষ দল বেঁধে খোঁজাখুঁজি করে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে একটি আলুর ক্ষেত থেকে তাকে উদ্ধার করে।
মেয়েটি সাংবাদিকদের জানায়, রাতে ঘুমানোর সময় এক অপরিচিত ব্যক্তি ঘরে ঢুকে তাকে টেনেহিঁছড়ে নিয়ে যায়। এ সময় তার বাবাকে ২/৩ বার চিৎকার দিয়ে ডাকে। তখন লোকটি তোয়ালে দিয়ে তার মুখ বেঁধে কাঁধে করে একটি ক্ষেতে নিয়ে যায়।
এ সময় কৌশলে সে দৌড়ে পালিয়ে আসে। লোকটিকে আবার দেখলে সে চিনতে পারবে বলেও জানায়।
রাণীনগর থানার ওসি শাহরিয়ার খান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৭ ঘ.
bdnews24