২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের অভিযোগে বিশ্ববিদ্যালয়ছাত্র আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

সিলেট, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে তাকে কোতয়ালি পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। অভিযুক্ত ফখরুল ইসলাম সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র। তিনি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জের বাসিন্দা গোলাম হোসেনের ছেলে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলা বিভাগের এক ছাত্রী ফখরুল ইসলামের ব্যাপারে তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগে তিনি উল্লেখ করেছে- ফখরুল এক বছর ধরে নানাভাবে তাকে উত্ত্যক্ত করে আসছেন। প্রক্টর জানান, সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রীটিকে উত্ত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে তার কার্যালয়ে নিয়ে যায়। বিষয়টি নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাতে ফখরুলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে তিনি জানান। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফখরুল থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.