সিলেট, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে সিলেট নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।
সাজাপ্রাপ্তরা হলো- শাহজাহান ওরফে বাদশা (২৮) ও সাহেদ আহমদ (১৬)।
তিন সন্তানের বাবা বাদশা নগরীর ঘাসিটুলায় থাকেন। তিনি পেশা রিকশাচালক। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজুরা গ্রামে।
সাহেদ নগরীর লালাদিঘীরপার এলাকার জাকির হোসেনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে বাদশাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে পাঁচশ' টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্কুল থেকে বাসায় ফেরার পথে রোববার দুপুর ১টার দিকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে রিকশাচালক বাদশা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে আটক করে। পরে অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদ এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
একই আদালত নগরীর পিডিবি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে সাহেদ আহমদকে এক মাসের কারাদণ্ড দিয়েছে।
তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সকাল ১১টার দিকে বিদ্যালয়ে আসার সময় পিডিবি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে সাহেদ। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করে।
কোতয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়ের পর দুই বখাটেকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24