বরগুনা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার কলেজছাত্রী সুমা আক্তারের হামলাকারী বখাটে মহসনিকে রোববার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় সদর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
মহসিনকে গ্রেপ্তার ও তার বিচার দাবি করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
বরগুনা সদর উপজেলার ঘটবাড়িয়া আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুমাকে রোববার ঢাকায় ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।
আগেরদিন সকালে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে হামলার শিকার হয় সুমা (১৮) ও তার বাবা ইউনুস আলী হাওলাদার।
তারা বলছেন, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসা ঘটবাড়িয়া গ্রামের আব্দুর রহিম সিকদারের ছেলে মহসিন (৩০) তাদের ওপর হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, মহসিনের দায়ের কোপে সুমার ডান পায়ের হাঁটুর নিচের অংশ প্রায় পুরোটাই কেটে গেছে। এছাড়া কেটেছে তার ডান হাতও।
শনিবার রাতে ইউনুস বাদি হয়ে বরগুনা থানায় মামলা করেছেন। রাতেই বরগুনার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জাকির হোসেন মজুমদারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
রোববার সকালে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সুমার বাবা ইউনুস, সমকাল সুহৃদ সমাবেশ, বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, লোকমোর্চা, জাগোনারী, ফারিয়া লারা ফাউন্ডেশন, উদ্যম, অন্বেষা, শুকতারা মহিলা সমিতি, কমলা সমাজ উন্নয়ন সংস্থা, মহিলা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
কর্মসূচি চলাকালে বরগুনা প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জীব দাস, সমাজসেবক সুখরঞ্জন শীল, সাংবাদিক জাকির হোসেন মিরাজ, শাহাবুদ্দিন পান্না, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, খালেদা ইসলাম সুইটি, কলেজ ছাত্রী শাফি ইয়াসমিন, মোস্তাফিজুর রহমান বাচ্চু প্রমুখ।
দায়িত্বে অবহেলার অভিযোগে বরগুনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে মামলা তদন্তে নতুন করে এসআই ফারুক খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বরগুনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মাহবুব হাকিম সাংবাদিকদের বলেন, একমাস আগে সাধারণ ডায়েরি (জিডি) করার পর এসআই মাইনুল হোসেনকে দায়িত্ব দেওয়া হলেও তিনি তা যথাযথভাবে পালন করেননি।
এছাড়া শনিবারের হামলার পরেও আসামিকে গ্রেপ্তার করতে না পারায় এসআই মাইনুলকে প্রত্যাহার করা হয়েছে।
এসপি আরো জানান, মামলাসহ সার্বিক বিষয়ে তিনি নিজেই সার্বক্ষণিক মনিটরিং করছেন। এছাড়াও গোয়েন্দা পুলিশকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে।
অল্প সময়ের মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা জানান, সুমার চিকিৎসার জন্য পুলিশ প্রশাসনের কল্যাণ তহবিল থেকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকেও ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
এছাড়া তাৎক্ষণিকভাবে প্রেসক্লাবের উদ্যোগে নজরুল স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা উঠানো হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন কামাল সুমার চিকিৎসায় বিত্তশীলদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
সুমার বাবা জানান, শনিবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার (সুমা) কাটা পা জোড়া লাগানোর চেষ্টা করে চিকিৎসকরা ব্যর্থ হয়েছেন। সুমা বর্তমানে ঢাকা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন তার চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার।
তিনি জানান, তাদের বেঁচে থাকার শেষ সম্বল জমি বিক্রি করে চিকিৎসা করানো ছাড়া আর কোনো উপায় নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24