কুড়িগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উত্ত্যক্তের প্রতিবাদকারী আব্দুস সোবহান হত্যামামলার মূল আসামি রিপন গ্রেপ্তার হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ভুরুঙ্গামারী থানার ওসি মো. কফিল উদ্দিন জানিয়েছেন।
এ নিয়ে এ মামলার চার আসামি গ্রেপ্তার হলো। রিপনের মুল সহযোগী মোস্তফাকে গত ২৩ নভেম্বর গ্রেপ্তার করা হয়।
ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামে গত ১৭ নভেম্বর ঈদের দিন নাতনী স্কুলছাত্রী রোজিনা খাতুন রুমাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সোবহানকে হত্যা করা হয়। মোস্তফা (২০), রিপন (২৪) এবং তাদের পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ।
ওসি কফিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর পর বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে।"
অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল হক জানান, হত্যা মামলার মূল দুই আসামি গ্রেপ্তার হয়েছে। শিগগিরই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।
সোবহানের ভাতিজা মো. মজনু বাদি হয়ে যে মামলাটি করেছেন তাতে রিপন এবং তার বাবা কয়ছার ও মা রহিমা খাতুন, মোস্তফা এবং তার বাবা নুর ইসলাম ও মা হাজেরা বেগমকে আসামি করা হয়েছে। রিপন মামলার দুই নম্বর আসামি।
এর আগে মোস্তফার বাবা নুর ইসলাম এবং রিপনের মা রহিমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24