সিলেট, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্যক্তকারীর সাজা আরো কঠোর করে আইন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, "স্কুল ও কলেজগামী মেয়েদের নিরাপত্তা দেওয়া না গেলে শিক্ষাক্ষেত্রে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই উত্যক্তকারীর শাস্তি আরো কঠোর করে সংসদে আইন পাস করা হবে।"
বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক হাবিবুর রহমান লাইব্রেরি হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারীদের উত্ত্যক্ততা রোধে গত ১০ নভেম্বর থেকে কর্যক্রম শুরু করে ভ্রাম্যমাণ আদালত। উত্ত্যক্তের ঘটনায় সর্বোচ্চ এক বছর কারাদণ্ড দিতে পারে এ আদালত।
একই দিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানায়, 'উত্ত্যক্ততা' বা 'যৌন হয়রানির' স্পষ্ট ব্যাখ্যাসহ নির্দিষ্ট দণ্ড উল্লেখ করে 'নারী ও শিশু নির্যাতন আইনে' (২০০৩) নতুন একটি উপধারা সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বর্তমানে দণ্ডবিধির ২৯৪, ৩৫৪ ও ৫০৯ ধারা উত্ত্যক্ততা ও যৌন হয়রানি- দুই ক্ষেত্রেই প্রযোজ্য। এ সব ধারায় তিন মাস থেকে দুই বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।
দণ্ডবিধির এ ধারাগুলোর কোথাও 'যৌন হয়রানি' বা 'ইভটিজিং' শব্দ দু'টি ব্যবহার করা হয়নি। তাই ২০০৯ সালের ১৪ মে হাইকোর্টের দেওয়া রায়ে যৌন হয়রানিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নতুন শিক্ষানীতির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করছে। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল স্কুল প্রতিষ্ঠা করা হবে।
এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের ২৩ কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল মঞ্চে ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক-অধ্যাপক জাফর ইকবাল।
মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24