২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির সাজা ৭ বছর করার প্রস্তাব

যৌন হয়রানিকে অপরাধ বিবেচনা করে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন'- এ নতুন প্রস্তাব সংবলিত একটি ধারা সংযোজন করা হচ্ছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 09:48 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানিকে অপরাধ বিবেচনা করে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন'- এ নতুন প্রস্তাব সংবলিত একটি ধারা সংযোজন করা হচ্ছে । এই প্রস্তাবে সর্বনিু এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডেরও বিধান রাখা হয়েছে। 'নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০' সংশোধনের সিদ্ধান্ত অনুযায়ী এতে ১০(ক) ধারা সংযোজনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে এই সাজার কথা বলা হয়েছে। যৌন হয়রানি প্রতিরোধে গত ১০ নভেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় 'নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০' এ নতুন করে এই ধারা সংযুক্ত করার প্রস্তাব করা হয়। আইনটি সংশোধনে গঠিত সেলের আহ্বায়ক মহিলা ও শিশু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কিশোর দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিগগিরই এই প্রস্তাবটি চূড়ান্ত করে মন্ত্রিপরিষদের বৈঠকে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত হওয়ার পর এটি আইন হিসেবে চূড়ান্তকরণের জন্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।" নতুন এ ধারায় যৌন হয়রানিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, 'যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো নারী বা শিশুর পথরোধ করে অথবা অশালীন কোন মন্তব্য বা শব্দ করে অথবা অশোভন অঙ্গভঙ্গি বা বস্তু বা চিত্র বা সাংকেতিক চিহ্ন বা চিহ্ন প্রদর্শন করে অথবা ইন্টারনেট বা টেলিফোন বা সেলফোন বা এসএমএস বা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা আলোকচিত্র গ্রহণের মাধ্যমে কোনো নারী বা শিশুকে উত্ত্যক্ত করে বা অপমানজনক বা শালীনতার অমর্যাদা ঘটায় যা উক্ত নারী বা শিশু দেখতে পায় বা শুনতে পায়, তা যৌন হয়রানিমূলক অপরাধ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে অনধিক সাত বছর এবং সর্বনিু এক বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হবে। নতুন এ প্রস্তাবটি ২০০০ এবং সংশোধিত ২০০৩ এর আইন অনুযায়ী পূর্ণাঙ্গভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভার এ প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়সহ ১৬টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ নভেম্বরের মধ্যে এসব দপ্তর থেকে কোন মতামত পাওয়া না গেলে এতে তাদের কোন দ্বিমত নেই এমন সিদ্ধান্ত নিয়ে প্রস্তাবনাটি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হবে। এ সময়ের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লিখিতভাবে তাদের মতামত জমা দেয়। বাকিরা সভায় তাদের মতামত উপস্থাপন করে। একটি বেসরকারি সংস্থার গত মাসে দেওয়া তথ্য অনুযায়ী, গত নয় মাসে সারাদেশে মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদে জীবন দিতে হয়েছে ৪২ জনকে। স্কুলগামী মেয়েদেরকে উত্ত্যক্তকরণকে সামাজিকভাবে প্রতিরোধ করতে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু কর্মসূচি পালন করা হয়েছে। স্কুল কলেজগুলোতে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে প্রতিরোধ কমিটিও গঠন করার নির্দেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৪৫১ ঘ.