ঠাকুরগাঁও, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বছর ধরে এক নারীকে উত্ত্যক্ত করার অপরাধে ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে শহরের হাজী পাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম পরিচালিত আদালত এই রায় দেয়।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেনের (৩০) বাড়ি ঢাকার তুরাগ থানার কামার পাড়ায় বলে জানান সদর থানার ওসি গোপাল চক্রবর্তী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের হাজীপাড়ার এক গৃহিনীকে দুবছর ধরে ইসমাইল উত্ত্যক্ত করে আসছিলেন।
কিছুদিন আগে ইসমাইলকে পুলিশ আটকও করেছিলো। পরে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পান।
মঙ্গলবার রাতে আবার ওই নারীকে উত্ত্যক্ত করলে এলাকাবাসী ইসমাইলকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আদালতের রায়ের পর ইসমাইলকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি গোপাল।
ঠাকুরগাঁও শহরে এর আগে দুজনকে একই অপরাধে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24