২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

সাতক্ষীরা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে পাঁচশ' টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ। সাজাপ্রাপ্ত যুবক অয়েজকুরুনী (১৮) শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের আইয়ূব আলীর ছেলে। শ্যামনগর থানার ওসি নাসিম খান সাংবাদিকদের জানান, উপজেলার পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী সোমবার বিকালে স্কুল ছুটির পর চাচা আবু বক্করের সঙ্গে বাড়ি যাচ্ছিলো। তারানীপুর মসজিদের কাছে পৌঁছালে অয়েজকুরুনী মেয়েটির হাত ধরে টানাহেঁচড়া শুরু করে। চাচা বাধা দিলে যুবকটি তাকে মারধর করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে বখাটে অয়েজকুরুনী পালিয়ে যায়। স্কুলছাত্রীটি উপজেলার সোরা গ্রামের মফিজুর রহমানের মেয়ে। ওসি জানান, মফিজ মঙ্গলবার ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানান। পরে প্রধান শিক্ষক ঘটনাটি জানান শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ভেটখালী বাজারে যান। সেখানে তিনি আদালত পরিচালনা করে অভিযুক্তকে সাজা দেন। আদালতের রায়ের পর অয়েজকুরুনীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.