কুষ্টিয়া, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ায় গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মখলেসুর রহমান আদালত পরিচালনা করে এই সাজা দেন।
অভিযুক্ত সেলিম রেজা (৩০) মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মখলেসুর রহমান সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৮ টার দিকে শহরের চৌড়হাস কাস্টমস মোড়ের দীন নওরোজ বেগমের বাড়ির এক ভাড়াটেকে উত্ত্যক্তের অভিযোগ পান তারা।
সাাক্ষ্য গ্রহণ শেষে বখাটে সেলিমকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। এর আগে একাধিকবার এ ধরনের অপরাধ করার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে।
বাড়ির মালিক দীন নওরোজ বেগম জানান, নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অফিস সহকারী কামরুজ্জামান এক সপ্তাহ আগে তার বাড়ি ভাড়া নেন। এখানে তার স্ত্রী ও দুই সন্তান থাকে।
রোববার সন্ধ্যায় কামরুজ্জামানের স্ত্রী তার কাছে অভিযোগ করেন, তার ঘরে এক বখাটে যুবক ঢুকেছে এবং তাকে হুমকি দিচ্ছে। বিষয়টি তিনি পুলিশ ও ভ্রাম্যমান আদালতকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১২ ঘ.
bdnews24